মুসা আল হাফিজ (১৯৮৪-)। জ্ঞান ও প্রজ্ঞা তার প্রধান অন্বেষা। মানুষের আবহমান জীবনের সত্য ও সূত্রসমূহের অধ্যয়ন করেন। অতীতে ভ্রমণ করেন বর্তমানের জন্য। বর্তমানকে ব্যবচ্ছেদ করেন আগামীর জন্য। ইসলামি জ্ঞানচর্চা ও জীবনদৃষ্টি তার মনোজগতের নির্মাতা। কবিতা, গবেষণা, অনুবাদ, ছড়া, শিশুতোষ, কলামসহ রচনার নানা খাতে নিজের অভিব্যক্তিকে ভাষা দান করেন। ইতিহাস, সমাজ, সংস্কৃতি, দর্শন, ধর্মতত্ত্ব, প্রাচ্যবাদ-প্রতীচ্যবাদ, জীবনী, সাহিত্য সমালোচনা ও সীরাতের মতো বিষয়ে তার চর্চা ও অনুধ্যান। এ অবধি প্রকাশিত হয়েছে ষাটের অধিক গ্রন্থ। সিলেট জেলার বিশ্বনাথে জন্মগ্রহণকারী মুসা আল হাফিজ ব্যক্তিজীবনে সুফি ঐতিহ্যের অভিগামী। ওহীভিত্তিক জ্ঞান ও সত্যের নির্দেশনায় জীবন ও জগৎ অধ্যয়ন থেকে মনন ও সৃজনের সমবায়ে তিনি বয়ন করেন মানুষ ও মানুষের পৃথিবীর জন্য অন্তর্দৃষ্টিময় চিন্তাভাষ্য।