আবদুল হালিম জামালী ও খিনা খানের প্রথম সন্তান। জন্ম ১ জানুয়ারি, ১৯৪০। কবিতা প্রকাশের সূচনাকাল ১৯৫২ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান এবং বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ. করেছেন তিনি। পেশায় সাংবাদিক। এ দেগের সর্বাধিক প্রচারিত দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক তিনি। ছাত্র রাজনীতি করতেন। জাতীয় রাজনীতিতেও জড়িয়ে পড়েছিলেন একসময়ে। এখন আত্ম-নির্বাসিত। কারাজীবন ভোগ করেছেন বেশ কাবার, দীর্ঘকাল। দেশমৃত্তিকাকে ভালোবাসেন প্রাণের চেয়েও বেশি। কখনো নিভৃতচারী, কখনো নিসর্গচারী। দেশ ভ্রমণ তাঁর প্রিয় বিষয়। ব্যক্তিগত শখ ভাষা শেখা। উর্দু, ফার্সী, হিন্দী, সংস্কৃত, নেপালী এসব ভাষা চর্চা করেন তিনি নিয়মিত। কবিতা লেখা ছাড়াও অনুবাদ করেছেন- মূল উর্দু, হিন্দী, ফারসী এবং ইংরেজি থেকে কবিতা ও নিবন্ধ। সংস্কৃতি, সভ্যতা, শিল্প-সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন চিন্তাশীল প্রবন্ধাবলী। জীবন ও জগৎ, মানবমৈত্রী সমাজ-সংস্কৃতি, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়-আশয় নিয়েও তিনি নিয়মিত লিখে থাকেন। তিনি দেশের একজন প্রথিতযশা কলামিস্ট।